জননিরাপত্তা নিশ্চিতে নওগাঁয় জরাজীর্ণ ভবন অপসারণ দাবি
ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১০:১৬
নওগাঁর জনগণের জীবনঝুঁকি বিবেচনায় চিহ্নিত ৪৩টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালন করেছে নওগাঁর ‘সমকাল সুহৃদ সমাবেশ’।
শুক্রবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ পৌরসভা গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে এক প্রতিবেদনে শহরের বিভিন্ন এলাকায় প্রাথমিকভাবে ৪৩টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। এসব ভবনের অধিকাংশই ব্রিটিশ আমলে নির্মিত এবং বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনগুলো এখন জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, শহরের লোহাপট্টি, ডাবপট্টি, চুড়িপট্টি ও গোস্তহাটি মোড়ের মতো জনবহুল বাণিজ্যিক এলাকায় এসব ভবনের অবস্থান হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। তালিকাভুক্ত স্থাপনাগুলোর মধ্যে পুরাতন পৌরসভা ভবন, নওগাঁ ল’ কলেজ, ড্যাফোডিলস স্কুল, চক্ষু হাসপাতাল ও বাস টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, চিহ্নিত ৪৩টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ অথবা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে হবে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এসব জরাজীর্ণ ভবনের সামনে স্পষ্ট সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করে মানুষকে সচেতন করা জরুরি। একইসঙ্গে ভবিষ্যতে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে ভ‚মিকম্প সহনীয় নির্মাণ বিধিমালা কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এসব দুর্বল স্থাপনা যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটাতে পারে। তাই প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
সমকাল সুহৃদ সমাবেশ, নওগাঁ জেলার সহ-সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, উদীচী নওগাঁর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, ঐকতান নওগাঁর সভাপতি মোসাদ্দেক হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি সুবল চন্দ্র মন্ডল ও নূর নাহার সুষমা সাথীসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, সমকাল সুহৃদ সমাবেশের নির্বাহী সদস্য সুলতার মাহমুদ, রানীনগর-আত্রাই প্রতিনিধি ওহেদুল ইসলাম মিলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
