বিএনপি সমর্থক হত্যায় ছেলের মামলা, ইউপি সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১৮:২২
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই সংঘর্ষ হয়। শনিবার এ ঘটনায় নিহত রাজমিস্ত্রি মোহন শেখের ছেলে হারুনর রশিদ বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, মনোহরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম সাদাতের সঙ্গে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরীর বিরোধ চলছিলো। সাদাতের পক্ষে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শের আলী এবং আবু জাহিদের পক্ষে একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান দুলাল এলাকায় শক্ত অবস্থান গড়ে তোলেন। উভয় পক্ষই এলাকায় দেশীয় অস্ত্রের মহড়া শুরু করে।
বুধবার রাতে লক্ষীপুর গ্রামে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মশিউরের সমর্থক লিটন খাঁর ওপর হামলা চালায়। এ জন্য সাদাতের সমর্থকদের দায়ী করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১০টার দিকে শের আলীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মশিউরের সমর্থক মোহন শেখের বাড়িতে হামলা চালায়। এর জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে গুরুতর আহত হন মোহন শেখসহ অন্তত ৩০ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির মোল্যা বলেন, রাজমিস্ত্রি মোহন শেখ হত্যার ঘটনায় তাঁর ছেলে হারুনর রশিদ শনিবার দুপুরে মামলা করেছেন। এতে ৪২ জনকে আসামি করা হয়। এহাজারভুক্ত আসামি শের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
