নবীনগরে এক নৌকাযাত্রীর ঘুষিতে আরেক যাত্রীর মৃত্যু
ফাইল ছবি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৭:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর নৌ-ঘাটে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় বসাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে এক যাত্রীর ঘুষিতে হানিফ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার দুপুরে নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকায় নৌঘাটে নবীনগর বগডহর-মোহল্লা টু মেরকুটা গ্রামে যাতায়াতকারী যাত্রীবাহী নৌকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা মো. হারিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খার ছেলে এলেম খার সঙ্গে বগডহর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হারিজ মিয়ার বড় ছেলে হানিফ মিয়ার মধ্যে নৌকায় বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতির একপর্যায়ে এলোপাতাড়ি ঘুষিতে হানিফ মিয়া লুটিয়ে পড়েন।
তাকে দ্রুত নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক অঙ্কন রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, কেউ বলছে বাকবিতণ্ডার একপর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার কেউ বলছে এলোপাতাড়ি ঘুষিতে সে লুটিয়ে পড়ে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- নবীনগর
- নিহত
