‘আমি এখন কীভাবে বাঁচব’—কাস্টমস কর্মকর্তার স্ত্রীর আহাজারি
গ্রামের বাড়িতে সমাহিত বুলেট বৈরাগী
গোপালগঞ্জ ও কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২৩:৫৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ০০:৫৭
মাত্র তিন দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আর সামনে ছিল একমাত্র সন্তানের জন্মদিন। এমন সময়েই নেমে এলো অপ্রত্যাশিত শোক। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার।
২০২২ সালের ২৩ এপ্রিল বাগেরহাটের চিতলমারী উপজেলার মেয়ে উর্মির সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ছিল সেই শিশুটির জন্মদিন। কিন্তু জন্মদিনের আগেই পরিবারের জীবনে নেমে আসে গভীর অন্ধকার।
রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের পার্ক রোডে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা প্রিয় সহকর্মীকে শেষবারের মতো দেখতে জড়ো হন।
এ সময় বুলেট বৈরাগীর বাবা-মা ও স্ত্রী উর্মী হিরার বুকফাটা কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বামীর নিথর দেহ দেখতে গিয়ে অ্যাম্বুলেন্সের কাঁচ ধরে বারবার আহাজারি করছিলেন উর্মী। বিলাপ করতে করতে তিনি বলেন, “ও বুলেট, আমাকে কোথায় রেখে গেলে? আমি এখন কীভাবে বাঁচব? আমার কলিজাকে তো আর দেখতে পাবো না।” তার এই আর্তনাদ উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শোকের ভার যেন সামলানো যাচ্ছিল না।

পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাস্টমস কমিশনার আবদুল মান্নান সরদারসহ অন্যান্য সহকর্মীরা। তিনি বলেন, ঘটনার পর থেকেই পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তিনি আরও বলেন, এই অকাল মৃত্যুতে কাস্টমস বিভাগ গভীরভাবে শোকাহত এবং সবসময় বুলেট বৈরাগীর পরিবারের পাশে থাকবে।
রাতে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল মোস্তফা জানান, নিহতের মা নিলিমা বৈরাগী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে এবং র্যাব ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।
পরে রাত ১০টা ৪০ মিনিটে নিজ গ্রামের বাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে বুলেট বৈরাগীকে সমাহিত করা হয়। শেষ বিদায়ে পরিবার, স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তার চাচা দেবাশীষ বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- হত্যা মামলা
- কাস্টমস কর্মকর্তা
- মৃত্যু
