নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টার অবতরণ, অল্পের জন্য রক্ষা
ঝড়ের কবলে পড়ে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে অবতরণকারী হেলিকপ্টার সমকাল
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৮:১০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১০:১০
| প্রিন্ট সংস্করণ
অল্পের জন্য বড় ধরনে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিবিয়ানা গ্যাস ফিল্ড। ঝড়ের কবলে পড়ে হঠাৎ বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভেতরে চলাচল নিষিদ্ধ এলাকায় জরুরি অবতরণ করে একটি হেলিকপ্টার। এ সময় আকাশযানটির জরুরি অবতরণ নিয়ে সেখানে উপস্থিত স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও সেখানে থাকা রিজার্ভ পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দেন। এ সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিবিয়ানা এলাকায় শেভরন বাংলাদেশ রেড এলার্ট জারি করে।
জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ৪টার সময় হঠাৎ ঘূর্ণঝড় শুরু হলে সিলেট থেকে কুমিল্লাগামী একটি বেসরকারি হেলিকপ্টার ঝড়ের কবলে পড়ে। দুর্ঘটনা এড়াতে এ সময় হেলিকপ্টারটি নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার নামক স্থানে হঠাৎ নিচুতে নেমে এসে বিকট শব্দ করে ঘোরাঘুরি করতে থাকে। একপর্যায়ে হেলিকপ্টারটি হঠাৎ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ওয়েস্ট প্যাডের মেইন প্যাডে যে জায়গায় পরিবহন ও মানুষ চলাচল নিষিদ্ধ, সেখানে অবতরণ করলে গ্যাস ফিল্ডজুড়ে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়। গ্যাস ফিল্ডের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সঙ্গে সঙ্গে গ্যাস ফিল্ডে থাকা রির্জাভ পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম সারা এলাকায় কর্ডন করে রাখেন।
জানা যায়, কুমিল্লার একটি ব্যবসায়ী পরিবার হেলিকপ্টার নিয়ে সিলেট ভ্রমণ করেন। ভ্রমণ শেষে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ হেলিকপ্টারটি ঝড়ের কবলে পড়ে। তারা কোনো উপায় না পেয়ে নিচে গ্যাস ফিল্ড দেখে সেখানে অবতরণ করেন। তারা জানতেন না, এখানে সীমাবদ্ধতা রয়েছে।
বিবিয়ানা গ্যাস ফিল্ডের সিকিউরিটি অফিসার, নাম প্রকাশ না করে বলেন, আমাদের বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। বিবিয়ানা এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছিল। সবাই আতঙ্কে ছিলেন আগুন লাগা নিয়ে।
ওই নিরাপত্তারক্ষী জানান, তারা কয়েকজন পতাকা নিয়ে হেলিকপ্টার অবতরণে বাধা দিতে চাইলেও পাইলট সেটি শোনেননি। সবাই নিশ্চিত ছিল বড় কিছু ঘটতে যাচ্ছে। যেখানে হেলিকপ্টার অবতরণ করা হয়েছে সেখানে সামান্য এদিক সেদিক হলে গ্যাস ফিল্ডের মধ্যে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটত।
এ বিষয়ে গ্যাস ফিল্ড এলাকার এক বাসিন্দা জাহাঙ্গীর বখত তালুকদার বলেন, সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। হঠাৎ বিকট শব্দ করে হেলিকপ্টারটি বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভেতরে অবতরণ করে। শত শত মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসেন।
- বিষয় :
- হেলিকপ্টার
