চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৫:৩১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ও হারবাং বাজারে দুটি পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও বাসযাত্রীসহ দুইজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকরিয়ার হারবাং স্টেশনে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি মোটরসাইকেল ও কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৩০) ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
অপরদিকে, মালুমঘাট বাজারের অদূরে পূর্বী বাস ও কাভা ভ্যানের ধাক্কায় বাসযাত্রী মোহাম্মদ ইউচুফ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ ইউচুফ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাসিন্দা বলে জানিয়েছেন হাইওয়ে থানার এসআই মোহাম্মদ জিয়াউদ্দিন।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
