ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দাখিল পরীক্ষা

মানিকগঞ্জে কেন্দ্র সচিবসহ ২০ শিক্ষক অব্যাহতি, ৮ পরীক্ষার্থী বহিষ্কার

মানিকগঞ্জে কেন্দ্র সচিবসহ ২০ শিক্ষক অব্যাহতি, ৮ পরীক্ষার্থী বহিষ্কার
×

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ২২:১৪

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলমান দাখিল পরীক্ষায় অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে মানিকগঞ্জের শিবালয়ে একটি কেন্দ্রের কেন্দ্র সচিব, হল সুপারসহ ১৮ জন পরিদর্শক (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাতে নাতে নকল ধরার পর বহিষ্কার করা হয়েছে ৮ শিক্ষার্থীকে। 

মঙ্গলবার শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানি কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানি কর্মকার জানান, পরীক্ষা চলাকালে তিনি গোপনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। শিবালয় রাশিদিয়া দাখিল মাদ্রাসায় চলমান দাখিল পরীক্ষায় অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে কেন্দ্র সচিব, হল সুপারসহ সকলকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। 

এছাড়া শিবালয় অক্সফোর্ড একাডেমি ভেন্যুতে মঙ্গলবার আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালে হাতে নাতে নকল ধরার পর বহিষ্কার করা হয় ৮ শিক্ষার্থীকে। এসময় ওই কেন্দ্র থেকে বিপুল পরিমাণ নকলও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই দুটি ভেন্যুতে গিয়ে কক্ষগুলোতে সুষ্ঠু পরিবেশ পাওয়া যায়নি। প্রায় শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল। কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শক সঠিক দায়িত্ব পালনে বিরত ছিলেন। নির্দিষ্ট সময়ের পরও শিক্ষার্থীরা লিখে যাচ্ছিল। খাতাও সময় অনুযায়ী সংগ্রহ করা যায়নি। বহিরাগত একজন শিক্ষককে কেন্দ্রে পাওয়া যায়। এসব কারণেই কেন্দ্র সচিব, হল সুপারসহ ওই কেন্দ্রের দায়িত্বরত ২০ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ওই কেন্দ্রে পরবর্তী পরীক্ষাগুলো মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব না দিয়ে সাধারণ শিক্ষকদের দেওয়া হবে বলেও জানান তিনি।
 

আরও পড়ুন

×