ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত তিন

অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত তিন
×

অতিবৃষ্টিতে কর্ণফুলীতে রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। ছবি: সমকাল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৮:৪৬

চট্টগ্রামের কর্ণফুলীতে সীমানা প্রাচীর ধসে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে ঝড় বৃষ্টির সময় উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহসান আলী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম।

তিনি বলেন, অতিবৃষ্টির ফলে শিকলবাহা এলাকায় রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এসময় পথচারী দেলোয়ারা বেগম ও শিশুসহ কয়েকজন ওই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন ছালেহ আহমদের ছেলে মো. রুবেল (৩০), মো. নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক বলেন, দেয়াল চাপায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

আরও পড়ুন

×