কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৭:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৭:০৬
কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তিনি জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের প্রয়াত খোরশেদ আলমের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে আসামি ময়নাল হোসেন শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। পরে পলিথিনে প্যাঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আটকের পর তার দেখানো জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী বলেন, দীর্ঘ সময় পর আজ আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার রায় পেয়েছি। এ রায়ে আমরা সন্তুষ্ট। তিনি দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান।
মামলার বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আজ এ রায় প্রদান করেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।
