ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পর্দা নামল তিন দিনের ভ্রাম্যমাণ বইমেলার

পর্দা নামল তিন দিনের ভ্রাম্যমাণ বইমেলার
×

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হলো ভ্রাম্যমাণ বইমেলা সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ীতে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শেষ হয়েছে। বই, পাঠক আর সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন ছোট-বড় সবার মন কেড়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ মেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
এর আগে গত মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক রুহোল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। বৈরী আবহাওয়ার মধ্যেও শেষ দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড়। কেউ পছন্দের বই কিনেছেন, কেউবা শুধু বইয়ের ঘ্রাণ আর পরিবেশ উপভোগ করেছেন। তিন দিনের এই আয়োজন যেন ফুলবাড়ীর মানুষকে আবারও মনে করিয়ে দিল–প্রযুক্তির ভিড়ে বই এখনও মানুষের অন্যতম সেরা সঙ্গী।
মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি বই আর পাঠকদের কৌতূহলী ভিড়। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, ইতিহাসসহ প্রায় ১৫০টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই নিয়ে সাজানো হয়েছিল এই আয়োজন। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা ছিল সবার জন্য উন্মুক্ত। শুধু বই কেনাবেচায় সীমাবদ্ধ ছিল না আয়োজনটি। দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রংতুলির ছোঁয়া আর আবৃত্তির কণ্ঠে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। 
শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উপজেলা সংগঠক আজিজুল হক সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির হাবিবুর রহমান এবং গ্রন্থাগার প্রভাষক মো. এন্তেখাব আলম রিপনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, গ্রামীণ জনপদে বই পৌঁছে দেওয়া এবং পাঠাভ্যাস গড়ে তোলাই এই ভ্রাম্যমাণ বইমেলার মূল লক্ষ্য। 

আরও পড়ুন

×