ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রিকশার দখলে মহাসড়ক যানজটে দুর্ভোগে মানুষ

রিকশার দখলে মহাসড়ক যানজটে দুর্ভোগে মানুষ
×

মাধবপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রিকশার জট। বৃহস্পতিবার দুপুরে তোলা সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর এলাকায় রিকশা দাপটে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সড়কে ইচ্ছামতো রিকশা দাঁড়িয়ে থাকায়, বিশেষ করে মাধবপুর বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া মহাসড়কে রিকশার বেপরোয়া চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা। 

গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাজার অংশে শত শত রিকশা এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। যাত্রী ওঠানামার সময় অনেক রিকশাচালক সড়কের মাঝখানেই থেমে যান। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। প্রায় সময়েই তৈরি হয় যানজট। তীব্র যানজটের কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 
স্থানীয় ভুক্তভোগী রাশেদ আহমেদ জানান, মহাসড়কে রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও এখানে তা মানা হচ্ছে না। প্রতিদিন কাজে যাওয়ার পথে মাধবপুর বাজার এলাকায় তাঁকে ২০ থেকে ৩০ মিনিট অতিরিক্ত ব্যয় করতে হয়। তাঁর অভিযোগ, রিকশাগুলো সড়কের অর্ধেক জায়গা দখল করে রাখে, এতে বাস ও ট্রাকের চলাচল বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে প্রশাসনের নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

একই অভিযোগ করেছেন পরিবহন চালকরাও। বাসচালক জাহিদ হোসেন বলেন, রিকশার কারণে প্রায়ই হঠাৎ ব্রেক চাপতে হয়, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। মহাসড়কে রিকশার বেপরোয়া চলাচলে যাত্রীদের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হচ্ছে। তাঁর ভাষ্য, ঢাকা-সিলেট  মহাসড়কের অন্য কোথাও এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। কিন্তু মাধবপুরে এটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসায়ী প্রণয় পাল জানান, বাজার এলাকায় নির্দিষ্ট রিকশা স্ট্যান্ড না থাকায় চালকরা যেখানে সেখানে রিকশা দাঁড় করিয়ে রাখছেন। এতে ক্রেতা ও ব্যবসায়ী উভয়ই সমস্যায় পড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে দ্রুত নির্দিষ্ট স্থানে রিকশা স্ট্যান্ড স্থাপন এবং কঠোর আইন প্রয়োগ জরুরি।
এ বিষয়ে মাধবপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, মহাসড়কে রিকশা চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে জনসচেতনতার অভাব এবং বিকল্প ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তিনি জানান, শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করে মহাসড়কে চলাচলকারী রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নির্দিষ্ট স্থানে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হবে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, সুযোগ পেলেই রিকশাচালকরা মহাসড়কে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×