সাগর-রুনি হত্যা
নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি হাইকোর্টকে জানানো সম্ভব: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৫:৫৭
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি নির্ধারিত সময়ের মধ্যেই হাইকোর্টকে জানানো সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার সকাল ১১টায় শৈলকুপা পৌর শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ড ২০১২ সালে সংঘটিত হয়েছিল। ইতোমধ্যে আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকারের সময় হাইকোর্টের একটি নির্দেশ ছিল। সে নির্দেশের মধ্যে একটি যৌথ বিশেষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার জন্য। সেই তদন্ত কমিটির সাথে আমরা বসেছি। সেখানে আমরা দেখেছি সেই সাগর-রুনি হত্যা মামলায় কয়েকজনের ডিএনএ টেস্ট করা হয়েছে। এবং এ তদন্তটাকে যৌক্তিক পয়েন্টে নেওয়ার জন্য যৌথ তদন্ত টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরও জানান, হাইকোর্ট যে সময়সীমা নির্ধারণ করেছে, সেই সময়ের মধ্যেই তদন্তের অগ্রগতির তথ্য আদালতে উপস্থাপন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তদন্তের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তদন্ত দল বিভিন্ন পর্যায়ে কাজ করছে এবং এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে একটি যৌক্তিক সমাপ্তির দিকে তদন্ত এগিয়ে যাচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আইনমন্ত্রী বলেন, এটা আমরা সংসদে বলেছি। এটা আধা প্রেম আধা প্রতারণা। সেখানে জুলাই সদনদের কথা যদি বলেন তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি যা যা করার সবই করবে। কিন্তু গণভোটের মধ্যে একটি প্রতারণার অংশ আছে বিএনপি সেই প্রতারণার মধ্যে নেই।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হবে কিনা সেটা চিফ প্রসিকিউটর খতিয়ে দেখছেন। আমরা তার সাথে পরামর্শক্রমে সরকার, আইনজীবীরা যে পরামর্শ দেবে সে অনুযায়ী এগিয়ে যাবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনি দুর্বৃত্তদের হাতে নিহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এখানও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
