ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না: ফজলুর রহমান

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না: ফজলুর রহমান
×

ছবি: সমকাল

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৬:৪৮

কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। দলমত নির্বিশেষে তালিকা প্রণয়ন করতে হবে। 

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন তিনি। 

তিনি প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, একটি মাত্র বোরো ফসল হাওরে—এটি কৃষকদের জীবন-মরণের সঙ্গে জড়িত। কাজেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে দ্রুত তালিকা করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কৃষকদের কার্ডের মাধ্যমে ৩ মাস খাদ্য সহায়তা দেওয়া হবে।  

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও, যদি ভবিষ্যতে পরিস্থিতির অবনতি ঘটে, পরে আবারও তালিকা প্রস্তুত করার ব্যবস্থা করা হবে। তিনি কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলছেন বলেও জানান। 

ফজলুর রহমান দলীয় নেতৃবৃন্দকে নির্দেশ দেন, হাওরে কৃষকদের ধান কাটার জন্য টিম গঠন করে কৃষকদের সহায়তা করতে হবে। শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গসংগঠন এ কাজ করবে।

তিনি মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সেখানে একটি মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এলাকাটি পরিদর্শন করে এর একটি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। 

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আব্দুল্লাহ বিন শফিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম অপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফাইজুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী প্রমুখ।

নিজ বাড়ি ইটনার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে ফজলুর রহমান হাওরে তলিয়ে যাওয়া বোরো জমি পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।
 

আরও পড়ুন

×