ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ০১ মে ২০২৬ | ২১:১৯
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পরীক্ষেতপুর হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। নিহত তামিম মিয়া উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে। তারা ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেল করে ফরিদপুর যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, বিকাল আনুমানিক তিনটার দিকে মোটরসাইকেল আরোহী দুইজন ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার পরীক্ষেতপুর হ্যাচারির সামনে আসলে একটি পাঁচ চাকার ট্রলির সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আরোহী শিমলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত তামিম ও শিমলা দম্পতির একটি তিন মাস বয়সি ছেলে সন্তান রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
