সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনের আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬ | ২১:০২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিকেল সাড়ে ৫টায় আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে তিনি ধারণা করেন, বৈদ্যুতিক গোলযোগ থেকেই ট্রান্সফরমারটিতে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে আগুনে ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের হিসাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৫ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- সিদ্ধিরগঞ্জ
- অগ্নিকাণ্ড
