বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী
প্রতীকী ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬ | ২১:৩৩
টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ওই নারী বেড়াতে যান। এ সময় অভিযুক্ত নুরুলের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি ওই নারীকে একটি বাসায় নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। সন্ধ্যার কিছু আগে একটি সিএনজিচালিত অটোরিকশা করে ওই নারী বাড়ি ফেরেন।
পরে বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য প্রথমে কুমুদিনী হাসপাতালে নেন। সেখান থেকে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসআই মো. সুমন জানান, ওই নারী বেড়াতে গিয়ে গাজীপুরের কোনো এক বাসায় ধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্ত নুরুল হক ও মালেক মিয়া নামে দুইজনের পরিচয় জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী অচেতন রয়েছেন। জ্ঞান ফিরলে তাঁর কাছ থেকে বিস্তারিত জানা যাবে।
- বিষয় :
- টাঙ্গাইল
- সংঘবদ্ধ ধর্ষণ
- ঢাকা মেডিকেল কলেজ
