ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১১:১৬ | আপডেট: ০২ মে ২০২৬ | ১২:৪৩

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন তিনি। শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি মাজারে যান তিনি।

প্রধানমন্ত্রী যখন সিলেট পৌঁছান তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে তিনি মাজার জিয়ারত করে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে সুধী সমাবেশ যোগ দেবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ছবি: ইউসুফ আলী

এর আগে শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটের সুরমা নদী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ইউসুফ আলী

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। পরে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।

আরও পড়ুন

×