ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুনামগঞ্জে থামছে না বাঁধের ভাঙন, ডুবছে হাওরের ফসল

সুনামগঞ্জে থামছে না বাঁধের ভাঙন, ডুবছে হাওরের ফসল
×

ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৪:৪০ | আপডেট: ০২ মে ২০২৬ | ১৬:১০

সুনামগঞ্জের হাওরে একের পর এক ভাঙছে ফসলরক্ষা বাঁধ। তাতে হাওরবাসীর সংকট আরও বেড়েছে। শনিবার সকালে বাঁধ ভেঙে মধ্যনগরের বোয়ালা হাওরের ফসল ডুবছে। হাওরে ডুবে যাওয়া ধান কাটবেন, না কি বাঁধ রক্ষা করবেন—এই সংকটে পড়েছেন কৃষকরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর থেকে বৃষ্টিপাত হয়েছে। তাতে সোমেশ্বরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের সামনের পাউবো’র দেওয়া বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে। সকালে ধান কাটতে গিয়ে এই পরিস্থিতি দেখে কান্নাকাটি শুরু করেন স্থানীয় কৃষকরা। 

আশপাশের কৃষক ও প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে উপস্থিত হলেও ভাঙনের তীব্রতা ঠেকাতে পারেননি। স্থানীয় কৃষকরা বাঁধের এই ভাঙনের জন্য পাউবো ও তাদের নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনকে দোষারোপ করছেন। পানির প্রবল বেগ দেখে আশা ছেড়ে দিয়েছেন শত শত কৃষক। 

উপস্থিত কৃষক ও কৃষাণিরা বলেন, বাঁধের কাজে অবহেলা ছিল। কালভার্টের মুখের এই বাঁধে আড়-প্যালাসেটিং কিছুই দেওয়া ছিল না।

মধ্যনগর গ্রামের কৃষক মুরাদ মিয়া জানান, তার ১৭ কিয়ার জমি কাটার বাকি ছিল। শনিবার সকালে ধান কাটার জন্য শ্রমিক নিয়ে হাওরে গিয়েছিলেন। এ সময় বাঁধ ভেঙে তলিয়ে যায় ফসল।

মধ্যনগর ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন বলেন, হাওরে ২০ হেক্টরের মতো জমির ধান কাটা হয়নি। এগুলো ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, হাওরের ধান কাটা শেষ হয়ে গেছে। এমন সময় বাঁধও ভেঙেছে। এজন্য বাঁধ ঠেকানোর চেষ্টা করা হয়নি।

এর আগে শুক্রবার বাঁধ ভেঙে এই উপজেলার শালদিঘা হাওরে পানি ঢুকছিল। দিনভর চেষ্টার পর ভাঙনের অংশ দিয়ে পানি প্রবেশ আটকানো সম্ভব হয়। 

আরও পড়ুন

×