ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লালপুর-বাগাতিপাড়ার মাটিতে এক বিন্দু অন্যায় সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী পুতুল

লালপুর-বাগাতিপাড়ার মাটিতে এক বিন্দু অন্যায় সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী পুতুল
×

উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ব্রিজ থেকে খলিসাডাঙ্গা নদী অভিমুখে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পুতুল। ছবি: সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৭:৪১ | আপডেট: ০৩ মে ২০২৬ | ২০:২১

নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, লালপুর-বাগাতিপাড়ার মাটিতে এক বিন্দু অন্যায় আমি সহ্য করব না। সে যেই হোক না কেন। চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ী ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ১ তারিখ থেকে চিরুনি অভিযান শুরু হয়ে গেছে। 

বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বাংলাদেশ থেকে অন্যায় নির্মূল করবে।

রোববার (৩ মে) সকাল ৯টায় লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ব্রিজ থেকে খলিসাডাঙ্গা নদী অভিমুখে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কালে প্রতিমন্ত্রী পুতুল এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, গ্রামীণ জীবনের অনেকটাই নির্ভর করে কৃষি ও পানির ওপর। খাল খননের মাধ্যমে এ এলাকার কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন হবে। গ্রামীণ জনপদের উন্নয়ন করতে পারলে দেশের উন্নয়ন হবে। আমরা যে প্রকল্পগুলো নিয়েছি, সেগুলো বাস্তবায়ন হলে মানুষ সুফল ভোগ করবে।

২০০১ সালের পর লালপুরে বড় কোনো রাস্তা হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাস্তা-ঘাট নির্মাণ হলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়। আগামী ৭ দিনের মধ্যে লালপুরে নতুন করে ৭টি রাস্তার টেন্ডার হবে। এর মাধ্যমে ওই এলাকাগুলোর মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশা করি। 

তবে এসব রাস্তায় যাতে নিম্নমানের ইট ব্যবহার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছরে যত ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, বাংলাদেশে কোনো টাকা-পয়সা নেই। তারপরও যতটুকু আছে, তা দিয়েই বর্তমান সরকার আপনাদের জীবনমানের উন্নয়ন করতে চায়।  

খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি শরিফুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ প্রমুখ।

এর আগে সকাল ৮টার দিকে আড়বাব ইউনিয়নের চান্দনা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে আড়বাব ইউনিয়নের চান্দনা ও ওয়ালিয়া ইউনিয়নের খলিসাডাঙ্গা অভিমুখে মোট সাড়ে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

×