ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত: ভূমিমন্ত্রী

সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত: ভূমিমন্ত্রী
×

ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৮:০৩

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সংবাদপত্র ও সাংবাদিকদের সমালোচনা প্রতিটি মানুষের ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত। 

তিনি বলেন, আমরা সব সময় সঠিক পথে নাও চলতে পারি, সে ক্ষেত্রে সাংবাদিক যদি কোনো সংবাদপত্রে লেখেন, সকল মানুষের উচিত তা ভালোভাবে গ্রহণ করা। 

পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনের বর্ণাঢ্য আয়োজনের দ্বিতীয় দিন শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐতিহ্যবাহী এবং ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জন্য জায়গার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

এ সময় মন্ত্রী বলেন, পাবনা শুধু বাংলাদেশ নয়, সারা উপমহাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলায় অনেক গুণী মানুষের জন্ম, যাদের নিয়ে আমরা গর্বিত। জেলার সাংবাদিকরাও তাদের মধ্যে অগ্রগণ্য। পাবনা আমাদের শিখিয়েছে অধিকার আদায়ের, সংগ্রাম করার। পাবনা হলো রাজশাহীর একই বৃন্তে যেন দুটি পাতা।

মিজানুর রহমান মিনু বলেন, প্রতিদিন দেশকে নিয়ে ইতিবাচক পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী। আমরা সততা, নিষ্ঠা, দেশপ্রেম নিয়ে এগিয়ে যাচ্ছি। 

নিরাপদের পানির গুরুত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, আগামীতে যুদ্ধ হবে ডিজেল বা অকটেন নিয়ে নয়, বরং নিরাপদ মিষ্টি পানি নিয়ে। 

তিনি বলেন, এন্ট্রি ফারাক্কা হিসেবে পদ্মা-যমুনার মিলনস্থল ব্যারেজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তখন বদলে যাবে পাবনার ভাগ্য।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মানিত জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিশিষ্ট কবি ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, এস এ আসাদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। 

আরও পড়ুন

×