ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৮:৪০ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৮:৪৯

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পাওয়ায় ফেসবুক লাইভে এসে কেঁদে নিজের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাহিদ হাসান নামে এক ছাত্রদল নেতা। 

শনিবার রাতে ১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

জাহিদ হাসান জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। প্রায় ৯ মিনিট ২৪ সেকেন্ডের লাইভ ভিডিওতে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এ সময় তিনি দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও অবদান তুলে ধরে নিজের বঞ্চনার কথা বলেন।

লাইভে আবেগঘন কণ্ঠে জাহিদ বলেন, “দীর্ঘদিন রাজপথে ছিলাম, দলের জন্য সময়-শ্রম দিয়েছি। কিন্তু আজ আমাকে মূল্যায়ন করা হলো না। জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় তৈরি হয়েছে, তা কীভাবে ভুলব? আজ আমাকে ভুলে যাওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, নতুন কমিটিতে প্রকৃত ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন, “আমার মতো অনেক কর্মী আছেন, যারা নিরবে কাজ করেছেন। কিন্তু তাদের মূল্যায়ন হয়নি—এটাই সবচেয়ে কষ্টের।”

উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। দীর্ঘ আট বছর পর এই কমিটি ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৮ সালে এ জেলায় ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল।

নবগঠিত কমিটির একাধিক নেতা জানান, সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব আনা হয়েছে। সবাইকে সঙ্গে নিয়েই ছাত্রদলকে শক্তিশালী করার চেষ্টা থাকবে। 

অন্যদিকে, দলের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে নানা বাস্তবতা কাজ করে। সবাইকে পদ দেওয়া সম্ভব হয় না। তবে যারা বঞ্চিত হয়েছেন, তাদের মূল্যায়নের বিষয়টি ভবিষ্যতে বিবেচনায় নেওয়া হতে পারে।  

আরও পড়ুন

×