ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পানি জমা সড়ক উঁচু করা হবে: চসিক মেয়র

পানি জমা সড়ক উঁচু করা হবে: চসিক মেয়র
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২১:১০

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকা নিচু সড়ক উঁচু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘বৃষ্টির পানি জমে থাকা কিছু সড়ক দীর্ঘদিনের উন্নয়নকাজ, খাল প্রশস্তকরণ ও স্থাপনা অপসারণের কারণে কোথাও কোথাও দেবে গেছে। এসব সড়ক উঁচু হলে জলাবদ্ধতা কমে আসবে।’

রোববার নগরের বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন মেয়র। এদিনও বৃষ্টির কারণে নগরের কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

চসিক মেয়র বলেন, ‘দিনরাত খাল-নালা, ড্রেন ও পানিপ্রবাহ সচল রাখতে পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করছি। বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্বস্তি দিতে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপও করা হচ্ছে। এ ছাড়া যেসব স্থাপনা বা প্রতিবন্ধকতার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো অপসারণ করে খাল-নালা পরিষ্কার করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও পলি অপসারণের ফলে পানি দ্রুত নিষ্কাশন শুরু হয়েছে।’

শাহাদাত হোসেন বলেন, ‘নগরের অবশিষ্ট খালগুলো অন্তর্ভুক্ত করে নতুন সমন্বিত প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) প্রস্তুতের কাজ চলছে। ডিপিপি অনুমোদন হলে আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু করা যাবে। এটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধান সম্ভব হবে। বর্তমানে ৩৭টি খালের পাশাপাশি চসিকের আওতাধীন আরও ২১টি খাল নিয়ে কাজ চলমান। জনদুর্ভোগ কমাতে বর্ষা মৌসুমে কয়েকটি বড় প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।’

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই মন্তব্য করে মেয়র বলেন, ‘শুধু সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরবাসীকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। নালা-নর্দমা পরিষ্কার করার পরও যদি যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ফেলা হয়, তাহলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।’

আরও পড়ুন

×