ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল 

আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল 
×

রেজাউল কাইয়ুম

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ০০:১১ | আপডেট: ০৪ মে ২০২৬ | ০৬:৩১

দীর্ঘ ১২ ঘণ্টার নানা নাটকীয়তার পর থানা থেকে ছাড়া পেয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। রাত ১২টার দিকে তিনি কোতয়ালী মডেল থানা থেকে বের হন। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি থানা থেকে বাসায় চলে গেছেন।

এর আগে আজ রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

তবে তাকে আটক করার বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট না করায় তাঁকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে? নাকি ছেড়ে দেওয়া হবে এ নিয়ে অনেকটা ধোঁয়াশা সৃষ্টি হয়।

এদিকে রেজাউল কাইয়ুমের আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনাল থেকে সকল রোডে বাস যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।  আটকের খবর পেয়ে কয়েকশ নেতাকর্মী ও পরিবহন শ্রমিক কোতয়ালী মডেল থানার সামনে গিয়ে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময়  মুক্তির দাবিতে কয়েক ঘণ্টা ধরে থানার প্রধান ফটকে শ্লোগান দেয়া হয়। এ সময় থানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে দেখা যায়।

এদিকে রেজাউলের আটকের কারণ আনুষ্ঠানিকভাবে পুলিশ জানায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা শহরের ব্যস্ততম শাসনগাছা বাস টার্মিনালে যানবাহন থেকে চাঁদা আদায় নিয়ে আলোচনায় আসেন রেজাউল কাইয়ুম ও তার বেশ কিছু আনুসারী। বাস টার্মিনালের পাশেই রেজাউল কাইয়ুমের বাড়ি। একাধিক গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টেও রেজাউল কাইয়ুমের চাঁদাবাজির বিয়য়টি সরকারের উচ্চ পর্যায় অবগত ছিল। সাম্প্রতিক সময়ে পরিবহনসহ বিভিন্ন সেক্টরে তিনি চাঁদাবাজির ঘটনায় নতুন করে তিনি আলোচনায় আসেন।  জেলা  পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ‘সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ আসার পরই তাঁকে পুলিশ  আটক করেছিল। তবে  নানা নাটকীয়তার পর সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেয়েই দীর্ঘ ১২ ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়। এ সময় থানা থেকে দলীয় নেতাকর্মীরা  রেজাউল কাইয়ুমকে সাথে নিয়ে বের হতে দেখা গেছে।

কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় আনা হয়েছিল। তাকে সিনিয়র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। এ বিএনপি নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি।  

আরও পড়ুন

×