সিংড়ায় মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:৪৮ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১২:৫৭
নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ব্যবসায়ীর নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তিনি ব্যবসায় একজন মৎস্য ব্যবসায়ী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম এক ছেলে এবং এক মেয়ের জনক। মেয়ের বিয়ের পর তিনি ছেলে রয়েল হোসেন এবং স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতেই বসবাস করতেন। গতকাল রোববার রাত ১০টার দিকে স্ত্রী ও ছেলের সঙ্গে রাগারাগি করে পাশের কক্ষে একা ঘুমিয়ে পড়েন। ভোর রাতে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে রফিকুলের গলা কাটা মরদেহ পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলামের স্ত্রী শিউলি বেগম জানান, দিনে বা রাতের কোনো না কোনো সময় তার স্বামী বাড়িতে এসে নেশা করতেন। গতরাতেও এ নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে তিনি পাশের কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে নামাজ পড়তে উঠে রফিকুলের মরদেহ পরে থাকতে দেখেন তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
- বিষয় :
- নাটোর
- সিংড়া
- মরদেহ উদ্ধার
- গলাকেটে হত্যা
