ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেবিদ্বারে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দেবিদ্বারে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
×

গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে (মাঝখানে) গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৩:৩৮ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৩:৫৩

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোর আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি বেলা ১১টার দিকে নিশ্চিত করেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার হওয়া মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করে। ওই সময় অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর তিনি মারা যান।

পরে ওই বছরের ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন মুকুল চেয়ারম্যান।

গ্রেপ্তারের সময় চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল তার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি কোনো অন্যায়-অপরাধ করিনি। আমি জুলুমের শিকার হয়েছি। চেয়ারম্যান হওয়ার পর এলাকার কেউ বলতে পারবে না, আমি কারও ওপর কোনো অন্যায় অত্যাচার করেছি। আমাকে অন্যায়ভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি ওই মামলা সম্পর্কে কিছুই জানি না।’

নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) দেবিদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি সাব্বির অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে। বাবার মৃত্যুর পর মা রিনা আক্তার, দুই ভাই ও এক বোনকে নিয়ে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে বসবাস করতেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে তার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।’

আরও পড়ুন

×