ট্রাকের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, তিন নারীর মৃত্যু
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছায় দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৪:৩৯ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৪:৫০
ময়মনসিংহের মুক্তাগাছায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথে সত্রাশিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর ঘাতক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- মুক্তাগাছা
- সড়ক দুর্ঘটনা
- নিহত
