ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অপহৃত প্রাণিসম্পদ বিভাগের কর্মী উদ্ধার

তিন জলদস্যু আটক

অপহৃত প্রাণিসম্পদ বিভাগের কর্মী উদ্ধার
×

সাতক্ষীরার শ্যামনগরে উদ্ধার হওয়া প্রাণিসম্পদ বিভাগের কর্মী অনিমেষ পরমান্য। ছবি: সংগৃহীত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৬:১৪ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৬:১৪

সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর প্রাণিসম্পদ বিভাগের কর্মী অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরবন বাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে অপহরণকারীরা তাঁকে মরাগাঙ নদীর তীরে ফেলে যায়। 

শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে অনিমেষ পরমান্য (৫০)। তিনি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজনন কর্মী। শনিবার গরুর চিকিৎসা দেওয়ার কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নেন এক প্রতিবেশী। পরবর্তীতে তাঁকে ঘুরতে যাওয়ার কথা বলে সুন্দরবনে নিয়ে জলদস্যুদের সহায়তায় জিম্মি করা হয়। পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। 

অনিমেষ পরমান্য জানিয়েছেন, প্রতিবেশী আশরাফ হোসেন তাঁর ফুফাত ভাইয়ের গরুর চিকিৎসা দেওয়ার কথা বলে শনিবার সকালে বাসা থেকে ডেকে সুন্দরবন বাজারে নিয়ে যান। গরু না দেখিয়ে সুন্দরবন ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে তাঁকে জিম্মি করা হয়। তাঁকে দুদিন ধরে বনে নৌকায় রাখা হয়েছিলো। খাবার খাওয়ার সময় ছাড়া সারাক্ষণ হাত বেঁধে রাখা হতো। পরিবারের কাছে দাবি করা ২০ লাখ টাকা দিতে দেরি হওয়া ও বিষয়টি পুলিশে জানানোয় তাঁকে গরানের লাঠি পেটানো হয়েছে। 

অনিমেষ পরমান্য অপহরণের পর তাঁর ইউনিয়নের অন্য কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ তথ্য জানিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস বলেন, জরুরি প্রয়োজনেও এসব রাতে সীমান্ত বা সুন্দরবন এলাকায় দায়িত্ব পালনে যেতে রাজি হচ্ছেন না।

সোমবার অনিমেষকে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান। তিনি বলেন, শনিবার রাতে অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু করেন। রোববার রাতে তিনটি টিম পৃথকভাবে অভিযান শুরু করলে দস্যুদের মধ্যে চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সোমবার সকালে সুন্দরবন থেকে অনিমেষকে ডাঙায় তুলে দেয়। এ ঘটনায় জড়িত মাহমুদুল হাসান ডন, আব্দুল জব্বার ও শাহিনুর রহমান নামের তিনজনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ডন ও জব্বার ২০১৭ ডালে আত্মসমর্পণ করা জলদস্যু ডন বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। এ বিষয়ে অনিমেষ পরমান্য বাদী হয়েছে মামলা করেছেন। এতে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি। 
 

আরও পড়ুন

×