স্বাভাবিক জীবনে ফিরতে চান ৮ মাদক কারবারি
কিশোরগঞ্জে অস্ত্রসহ আত্মসমর্পণ
কিশোরগঞ্জে মাদক কারবারিদের জমা দেওয়া অস্ত্র জমা নিচ্ছেন পুলিশ সদস্যরা। রোববার শহরের মনিপুরঘাট এলাকায়। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৮:৫১
কিশোরগঞ্জে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ৮ মাদক কারবারি। রোববার বিকেলে জেলা শহরের মনিপুরঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তারা আত্মসমর্পণের পাশাপাশি নিজেদের কাছে থাকা দেশীয় অস্ত্রও জমা দেন। এ সময় মাদক কারবারিরা পুরনো মামলা থেকে অব্যাহতির দাবি জানান।
পুলিশ বলছে, আত্মসমর্পণকারী মাদক কারবারিদের গতিবিধি তদারকি করা হবে। নিয়মিত যেন তারা থানায় হাজিরা দেন, সেই ব্যবস্থা করা হবে। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এই ব্যক্তিদের উপার্জনের ব্যবস্থা করতে হবে।
জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় বেশ কিছু রামদা, বল্লম, ছোরাসহ দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণ করেন সুজন, শাহ আলম, জহির, নাদিম, রোজিসহ ৮ মাদক কারবারি।
তারা পুরনো মামলা থেকে অব্যাহতির জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন। এই পথে আর পা না বাড়ানোর অঙ্গীকার করে এই ব্যক্তিরা বলেন, তারা মোটা টাকা কামালেও শান্তিতে ছিলেন না, শান্তিতে ঘুমাতে পারতেন না। এবার তারা একটু শান্তিতে ঘুমাতে চান।
পুলিশ সুপার মিজানুর রহমান সেখানে বলেন, মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার যেন সিগারেট ছাড়ার অঙ্গীকারের মতো না হয় যে, আবার ধরে ফেলবেন। মাদক কারবারিদের একটা স্থায়ী আয়রোজগারের ব্যবস্থায় এগিয়া আসতে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসান প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হক বলেন, যারা আত্মসমর্পণ করেছেন, তাদের গতিবিধির ওপর তদারকি থাকবে। আর নিয়মিত সদর থানায় হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- পুলিশ
- মাদক কারবারি
