ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চীনা পরিচয়ে বিয়ে করতে গিয়ে জেরার মুখে পালাল দুই যুবক

চীনা পরিচয়ে বিয়ে করতে গিয়ে জেরার মুখে পালাল দুই যুবক
×

প্রতীকী ছবি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ২১:১৬

টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের চীনের নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে গেছে দুই যুবক। গতকাল রোববার বিকেলে আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চীনের নাগরিক পরিচয় দেওয়া দুই যুবক চামারি ফতেপুর গ্রামের একটি বাড়িতে যায়। তাদের মধ্যে একজন ওই বাড়ির এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করে। দুই যুবকের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

চামারি ফতেপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারণার ধরণ দেখা যাচ্ছে, যেখানে কিছু যুবক নিজেদের বিদেশি- বিশেষ করে চীনের নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। এলাকাবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি শুনেছেন তারা। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকা জরুরি, যাতে কেউ প্রতারণা করতে না পারে। 

আরও পড়ুন

×