কুড়িগ্রামে সেতুর অভাবে দুর্ভোগে ৩০ হাজার মানুষ
সম্প্রতি পূর্ব চর ইছাকুড়ি এলাকা থেকে তোলা ছবি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৫:৩৫ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৬:০০
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকার জিঞ্জিরাম নদীর ওপর একটি সেতুর অভাবে প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থায়ী সেতু না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা। এ কারনে শনিবার দুপুরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়ি, গোয়াল গ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই অঞ্চলে। জিঞ্জিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর অবর্ণনীয় কষ্টে জীবন-যাপন করছেন তারা। এছাড়া বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা আর শুকনো মৌসুমে গ্রামবাসীর নিজ উদ্যোগে নির্মাণ করা হয় অস্থায়ী বাঁশ কিংবা কাঠের পাটাতনের সেতু। এতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের। বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য বাজারজাতকরণেও চরম ভোগান্তি সৃষ্টি হয়।
রৌমারীর ফুলবাড়ি ঊচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা একটি সেতুর অভাবে পিছিয়ে আছি। আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল, রোগীর চিকিৎসা সবকিছুই এই নদীর কারণে বাধাগ্রস্ত হচ্ছে। একটি স্থায়ী সেতু নির্মাণ হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের জীবনমান বদলে যাবে।
আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, দীর্ঘ দিন ধরে খুব কষ্টে এই বাঁশে সাঁকো দিকে চলাচল করে আসছি। রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন করছেন। আমরা রৌমারীর এই জনপদের মানুষও উন্নয়নের সুফল চাই।
রৌমারী উপজেলা (এলজিইডি) প্রকৌশলী (অ.দা) সৌরভ কুমার সাহা বলেন, সরেজমিন পরিদর্শন করে সেতু নির্মাণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।
