টেকনাফে টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৭:১৩
কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
মঙ্গলবার সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।”
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
- বিষয় :
- কক্সবাজার
- রোহিঙ্গা
- যুবক গ্রেপ্তার