ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালকের পা বিচ্ছিন্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালকের পা বিচ্ছিন্ন
×

সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৮:০৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বাসচালক শান্ত মিয়ার (২৬) ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শান্ত মিয়া গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সৈকত পরিবহনের একটি বাস পান্তাপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সিটে চাপা পড়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁর বিচ্ছিন্ন পা উদ্ধার করেন। 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে বাসের ভেতর থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় বাসের আরও চার যাত্রী আহত হন। তারা হলেন– সুন্দরগঞ্জের ছাতাইনতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়া এলাকার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রায় (২১), শিবগঞ্জের গণপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১) এবং রংপুরের আশরাফুল ইসলাম (৩২)।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বারবার দুর্ঘটনায় সড়কে নিরাপত্তা ঝুঁকি ও চালকদের সচেতনতার প্রশ্ন সামনে এনেছে। বিশেষ করে দীর্ঘপথে গাড়ি চালানোর সময় ক্লান্তি বা ঘুমের বিষয়টি নিয়ন্ত্রণে না আনলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসটি ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে যায়। এতে চালকের ডান পা বিচ্ছিন্ন হয় এবং বাঁ পাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, চালক নিজেও বিষয়টি স্বীকার করেছেন।


 

আরও পড়ুন

×