শৃঙ্খলার স্বার্থে গান-বাজনা না করার নির্দেশ পুলিশের
শাহজালাল (রহ.) ৭০৭তম ওরস মোবারক
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৮:৪৫
| প্রিন্ট সংস্করণ
হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস মোবারক শুরু আগামীকাল বৃহস্পতিবার থেকে। দুই দিনব্যাপী এই ওরসের শুরু হবে বিশিষ্ট এই ইসলামিক সাধকের রওজায় গিলাফ চরানোর মধ্যদিয়ে। ভোর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এর আনুষ্ঠানিকতা।
প্রতি বছরের মতোই আরবি জিলকদ মাসের ১৮ ও ১৯ তারিখে শাহজালাল (রাহ.)-এর বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে এবারও।
ওরস চলাকালে সব ধরনের গান-বাজনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।
মঙ্গলবার মাজার এলাকা পরিদর্শনকালে কমিশনার কুদ্দুছ চৌধুরী বলেন, ওরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ওরসের নামে মাজার এলাকায় ইসলামবিরোধী কার্যকলাপের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। গিলাফ নিয়ে আসার সময় ভক্তরা ঢোলসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজান। তারা নেচেগেয়ে গিলাফ নিয়ে আসেন। শেষ হয় একেবারে মাজারের ভেতরে গিয়ে। এতে শৃঙ্খলা নষ্ট হয়। এটি করা যাবে না।
মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান জানিয়েছেন, ওরস উপলক্ষে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। সকালে মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। মিলাদ মাহফিল, জিকির আজগার, কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন ভক্তরা। দুই দিন আগ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা এসেছেন।
ওরসের শিরনিতে গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষে মাজার কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
- বিষয় :
- মাজার
