কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৩:৪২
কুমিল্লায় আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী ছিলেন।
বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নকে কুপিয়ে ও মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকা্রি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের বোন কোহিনুর আক্তার জানান, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারী একটি হাসপাতালে নেয়ার পথে নয়ন মারা যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যমতে একই এলাকার একটি পক্ষের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। ধারনা করা হচ্ছে সেই বিরোধের কারণে এ ঘটনা। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম আজ সকালে ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
