মুন্সীগঞ্জে ১৫ বছরের কিশোরকে বলাৎকার, অভিযুক্ত আটক
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৭:৪১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে অভিযুক্ত মো. নিরব শেখকে (২২) আটক করেছে পুলিশ। নিরব উপজেলার বীরতারা এলাকার ধনু মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে একই এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয় নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়। এরপর ওই ১৫ বছর বয়সী কিশোরকে বলাৎকার করে বলে অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভোগী কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
নিরবের বিরুদ্ধে এলাকায় চুরি, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী কিশোর বিষয়টি তার পরিবারকে জানায়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই বুধবার অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- বলাৎকার
- আটক
