সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
ফাইল ছবি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৭:৪৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বাধীন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার যুগীদহ ব্রিজ সংলগ্ন চাঁদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন সিরাজগঞ্জ সদর থানার গাড়ুদহ গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বাধীন রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রিফাত এন্টারপ্রাইজের একটি ট্রাক (নাম্বার: সিরাজগঞ্জ-ড ১১-০৩৭৫) পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
