ইটভাটার গ্যাসে পুড়ল ২০ একর ফসল
ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক
গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ঝলসে যাওয়া ফসলের ক্ষেত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৮:১২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় পুড়ে গেছে কৃষকের ধান, পটোল, ভুট্টাসহ বিভিন্ন ফসল। এতে প্রায় ২০ একর জমির ফসল নষ্ট হয়ে শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সবুজ ক্ষেতজুড়ে ফসল ঝলসে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট। কথা হলে স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ‘বিপ্লব ঐশী ব্রিকস’ নামের একটি ইটভাটার আগুন নেভানোর সময় সেখান থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় আশপাশের ফসলের ক্ষেত ঝলসে যায়। অভিযোগ রয়েছে, ভাটাটির বৈধ অনুমোদন না থাকায় এর আগে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে চিমনি ও কিলন গুঁড়িয়ে দেয়। তবে পরবর্তীতে মালিকপক্ষ অস্থায়ী চিমনি স্থাপন করে পুনরায় ইট উৎপাদন শুরু করে।
বোয়ালিয়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, ‘ইটভাটার বিষাক্ত গ্যাসে আমার ২০ বিঘা জমির ধান ও ভুট্টা নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ একই এলাকার কৃষক বাবু মিয়া বলেন, ‘আমার এক একর জমির পটোল পুরোপুরি নষ্ট হয়ে গেছে।’ হেলাল মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার দুই বিঘা জমির ধান নষ্ট হয়েছে। আমরা ক্ষতিপূরণ চাই, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না।’ আরেক কৃষক বেলাল হোসেন জানান, শুধু ফসলই নয়, ইটভাটার ধোঁয়ায় গাছের ফলও নষ্ট হয়ে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত এই কৃষকদের অভিযোগ, ইটভাটার অনিয়ন্ত্রিত কার্যক্রমে কৃষকের ফসল নষ্ট হওয়ার ঘটনা নতুন নয়। বারবার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ক্ষোভ বাড়ছে । দ্রুত তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।
বিওবি ইটভাটার স্বত্বাধিকারী আতিকুর রহমান বিদ্যুৎ বলেন, ‘আগেও কিছু কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবারও অভিযোগ পেয়েছি। তদন্তে যদি আমাদের ভাটার কারণে ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট হওয়ার বিষয়টি উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। কৃষি বিভাগের অনুমোদন ছাড়াই অনেক ইটভাটা পরিচালিত হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- বিষয় :
- গাইবান্ধা
- গোবিন্দগঞ্জ
