অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার
সংগৃহীত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৮:১৫ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৮:২৩
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দিনাজপুর জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আ.হ.ম শামসুল মুক্তাদির ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জাকির আহম্মেদের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-এ মর্মে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তাকে তলব করেছি। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।’
অভিযোগ অস্বীকার করে জাকির আহম্মেদ বলেন, ‘এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়। আমাকে পরিকল্পিতভাবে জড়ানো হয়েছে। অপহরণ ও টাকা ছিনতাইয়ের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ফুলবাড়ী পৌর শহরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন মামুনকে অপহরণ ও সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে সম্প্রতি জাকির আহম্মেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার সংবাদ সম্মেলন করেন ওই ব্যবসায়ী। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা কমিটি এ সিদ্ধান্ত নেয়।
