আমির হোসেন আমুর বাড়ির গেট ভেঙে নিয়ে গেলেন একদল শিক্ষার্থী
ছবি: সমকাল
বরিশাল ব্যুরো ও ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ২১:২৯
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাড়ির প্রধান ফটক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র কর্মী পরিচয় দেওয়া একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।
বুধবার দুপুরে শহরের রোনালসে রোডের ওই বাড়ির ফটক ড্রিল কাটার মেশিন দিয়ে কেটে ভেঙে ফেলেন শিক্ষার্থীরা।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা সেখানে ময়লা ফেলে স্তূপ করে রাখেন। রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও আছে। সম্প্রতি কে বা কারা বাড়িটির সামনে টিনের বেড়া দিয়ে প্রধান ফটক আটকে দেয়।
মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা ভাঙা গেটটি সংস্কার ও টিনের বেড়া দেয়, যাতে বাইরের কেউ ময়লা ফেলতে না পারে। এ খবর পেয়ে একদল তরুণ দুপুরে গিয়ে গেট ও টিন খুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ঝালকাঠি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের সদস্য সচিব এবং ছাত্র শক্তির আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইপ্তি বলেন, আমু ২৪-এর গণআন্দোলনের একজন গণহত্যাকারী। ঝালকাঠির এই বাড়ি তার ফ্যাসিবাদের চিহ্ন। ৫ আগস্ট এই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে বাড়িটির নিচতলার সভাকক্ষে ময়লা ফেলে ঘৃণা জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, কে বা কারা প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে বাড়ি সংরক্ষণের অপচেষ্টা চালায়। তাই সেসব বেড়া অপসরণ করে পুনরায় ময়লার ভাগার বানানোর কর্মসূচি পালন করেছে। বাড়িটি সংস্কারের উদ্যোগ নিলে প্রতিহত করা হবে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ঝালকাঠি
- আওয়ামী লীগ
- আমির হোসেন আমু
