ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ২২:২৯

ময়মনসিংহের ফুলপুর ও নান্দাইল উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নান্দাইল উপজেলার আব্দুর রাশিদ (৬২) ও ফুলপুর উপজেলার আব্দুল কুদ্দুস (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে নিজের জমিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ধান কাটছিলেন আব্দুর রাশিদ। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে, একইদিন বিকেল ৩টার দিকে ফুলপুর উপজেলার কঠুরাকান্দা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন আব্দুল কুদ্দুস। তিনি বড় ছেলে আব্দুল মালেকসহ সাতজন শ্রমিক নিয়ে মইশাপুরি বিলে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্য শ্রমিকরা নিরাপদ স্থানে সরে গেলেও কুদ্দুস ও তার ছেলে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ছেলের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

একইদিনে দুই উপজেলায় এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×