ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাস থেকে শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে সেলফি পরিবহনের ১১ বাস জব্দ

বাস থেকে শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে সেলফি পরিবহনের ১১ বাস জব্দ
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ২২:৪৯

ঢাকা-আরিচা মহাসড়কে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে এক শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সেলফি পরিবহনের চালক ও সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেলফি পরিবহনের ১১টি বাস জব্দ করে সাভার সরকারি কলেজ ক্যাম্পাসে নিয়ে যান। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ, শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমনসহ কয়েকজন শিক্ষার্থী ধামরাই সরকারি কলেজে পরীক্ষা দিতে সাভার থানা বাসস্ট্যান্ড থেকে সেলফি পরিবহনের একটি বাসে ওঠেন। এসময় শিক্ষার্থীদের ভাড়া নিয়ে বাসের সহকারীরর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, বাসটি ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে অন্য শিক্ষার্থীদেরও জোরপূর্বক বাস থেকে নামিয়ে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় বাসটি। স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে সাভারের সুপার মেডিকেলে ভর্তি করে।

এ ঘটনার খবর কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সহপাঠীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহনের ১১টি বাস জব্দ করে কলেজে নিয়ে যান।

শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার পথে ভাড়া নিয়ে তর্কের জেরে আমাদের মারধর করা হয়। ইমনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়, পরে আমাদেরও জোর করে নামিয়ে দেওয়া হয়।

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ হামিদ মোল্লা বলেন, বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চলন্ত বাস থেকে ছাত্রদের ফেলে দেওয়ার জের ধরে বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি বাস জব্দ করেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, সেলফি পরিবহন কর্তৃপক্ষকে থানায় আসতে বলা হয়েছে। তারা এলে বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×