সীমিত আকারে ইজারা দেওয়া হতে পারে সিলেটের পাথর কোয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৯:০৩ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৯:১১
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সিলেট ও সুনামগঞ্জের পাথর ও বালুমিশ্রিত কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে চালুর আগে যে সার্ভে (জরিপ) করা হবে তার প্রতিবেদনের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ।
বৃহস্পতিবার সিলেটের পাথর কোয়ারি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে পাথর কোয়ারি খোলার বিষয়ে এমন তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানান, এ বিষয়ে মামলা নিষ্পত্তি ও পরিবেশকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ কাজটুকু সম্পন্ন করতে বছরখানেক সময় লাগতে পারে। ফলে নতুন করে জরিপের প্রতিবেদনসহ অন্যান্য বিষয় শেষ না হওয়া পর্যন্ত ইজারায় যাচ্ছে না পাথর কোয়ারিগুলো।
এর আগে আওয়ামী লীগের সময়ে একাধিকবার ভৌগোলিক জরিপ করে মতামত দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত দল। শর্তসাপেক্ষে পাথর কোয়ারি খুলে দেওয়ার পক্ষে ওই সময়কার তদন্ত প্রতিবেদনে মতামত প্রদান করা হলেও অগ্রগতি হয়নি। বিএনপি সরকার গঠনের পর আবার কোয়ারি চালুর দাবি করেন সিলেটের পাথর-সংশ্লিষ্টরা। এ অবস্থায় বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করণীয় বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানান, পাথর কোয়ারি খোলা যায় কি না, সে বিষয়ে ভৌগোলিক জরিপ করা হবে। এজন্য সিলেট বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হচ্ছে। এতে জেলা প্রশাসক ছাড়াও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ-এর প্রতিনিধি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর একজন অধ্যাপক, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন পরিচালক এবং দুই জেলার পুলিশ সুপারকে সদস্য করা হবে।
সীমান্ত এলাকায় নদীভাঙনের কারণে পরিবেশের বিষয়টি তদন্ত কমিটি দেখবে এবং কোনো কোনো এলাকায় পর্যটনকেন্দ্র আছে, সে বিষয়টিও কমিটি দেখবে। সে এলাকা সুরক্ষার মধ্যে রাখতে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিলেট ও সুনামগঞ্জ-এর পাথর কোয়ারি খোলার আগে পরিবেশগত ঝুঁকি, আদালতের নির্দেশনা ও পর্যটন এলাকা সংরক্ষণের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জাফলং-এর মতো সংরক্ষিত এলাকা বাদ দিয়ে অন্যান্য স্থানে পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর উত্তোলন করা যায়, কমিটি বিষয়টি দেখবে। মামলা নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জেলা প্রশাসক উদ্যোগ নেবেন। যা করা হবে, আইন মেনে করা হবে। চলতি মাসের শেষের দিকে মামলার অবস্থার সব রিপোর্ট পাওয়া যাবে।
আগামী মাসের প্রথম সপ্তাহে বিষয়টি নিয়ে আবার বসা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে প্রথমবার পাথর কোয়ারিগুলোয় যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত। পাথর কোয়ারিগুলোতে ধীরে ধীরে যন্ত্রের ব্যবহার, যত্রতত্র উত্তোলন, শ্রমিকের মৃত্যুসহ নানা কারণে সরকার পর্যায়ক্রমে সবকটি পাথর কোয়ারি বন্ধ করে দেয়। এ নিয়ে উচ্চ আদালতে একাধিক রিট করা হয়।
২০১৬ সালের ১ সেপ্টেম্বর জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভাছড়া কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। ২০১৪ সাল থেকে বন্ধ রয়েছে দেশের প্রধান ভোলাগঞ্জ কোয়ারি।
সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে সিলেটের পাঁচটি পাথর কোয়ারির ওপর থেকে নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করেন উচ্চ আদালত। ২০২২ সালের ৩১ মে মন্ত্রিপরিষদ বিভাগ পাথর কোয়ারি খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও অগ্রগতি হয়নি। ওই বছরের ৯ ও ১০ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তৎকালীন যুগ্ম সচিব মোহাম্মদ নায়েব আলীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি পরিদর্শন করে। পাঁচটি কোয়ারির ভৌগোলিক জরিপ ও সম্ভাব্যতা যাচাইও করে মন্ত্রিপরিষদ বিভাগ। জরিপের পর সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি পরিদর্শন করে কোয়ারি চালুর বিষয়ে বেশ কিছু পরামর্শ ও নির্দেশনাসহ প্রতিবেদন দাখিল করে তদন্ত দল। কিন্তু পরবর্তীতে পাথর কোয়ারি খুলে দেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি।
সিলেট জেলা পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল জলিল সমকালকে বলেন, ৯ বছর ধরে পাথর কোয়ারিগুলো বন্ধ। সরকার নতুন করে আবার জরিপের সিদ্ধান্ত নিয়েছে। দেরিতে হলেও আমরা সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালুর দাবি করছি। খুলে দিলে লাখ লাখ শ্রমিক ও ব্যবসায়ীরা কর্মসংস্থান ফিরে পাবে।
আজকের সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুর হক চৌধুরী (ভার্চুয়ালি), সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
- সিলেট
- ইজারা
- পাথর কোয়ারি
