ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঈশ্বরগঞ্জে ৩১ ঘণ্টা বিদ্যুৎহীন ৪১ পরিবার

ঈশ্বরগঞ্জে ৩১ ঘণ্টা বিদ্যুৎহীন ৪১ পরিবার
×

ছবি: সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২০:৫০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিতে বাধা দেওয়ায় ৪১ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ উঠেছে ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্ধনের বিরুদ্ধে।

এ অবস্থায় উপজেলার সদর ইউনিয়নের চর সৈয়দভাকুরী এলাকায় টানা সাড়ে ৩১ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এসব পরিবারে একাধিক এসএসসি পরীক্ষার্থীও রয়েছে। 

গতকাল বুধবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পুরো এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়। সন্ধ্যার পর অন্ধকারে থাকতে হয় পরিবারগুলোকে। বিদ্যুৎ না থাকায় ৮ থেকে ১০ জন এসএসসি পরীক্ষার্থীর পড়াশোনায় ব্যাঘাত ঘটে। একই সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ৬ থেকে ৭ জন চালক গাড়ির ব্যাটারি চার্জ দিতে না পারায় সড়কে নামতে পারেননি। এতে তাদের দৈনিক আয়ও বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী মোজাম্মেল হক, আব্দুল কাদির, সাইকুল, কামাল, আকলিমা খাতুন, ফাতেমা আক্তারসহ অনেকে জানান, আব্দুল আলী নামে এক ব্যক্তির ঘরের সামনে বিদ্যুতের খুঁটি থেকে নতুন সংযোগ নিতে চেয়েছিলেন আব্দুল হাদী নামে এক ব্যক্তি। এতে বাধা দেন আব্দুল আলী।

এরপর বিষয়টি অনিতা বর্ধনকে অবগত করার পর বিদ্যুৎ অফিসের লোক পাঠিয়ে আশপাশের ৪১টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এদিকে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি সমকালকে স্বীকার করেছেন ডিজিএম অনিতা বর্ধন। তিনি বলেন, একটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি সমাধান করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ চালু করে দেওয়া হবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি। ডিজিএমের এটা করার এখতিয়ার আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত এই প্রশ্নের উত্তর আমি দেব না। আমি আগে তার সঙ্গে কথা বলে নিই।’ 

আরও পড়ুন

×