ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারির সব ইউনিট

সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারির সব ইউনিট
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২১:৫৯

‘এমটি নিনেমিয়া’ নামে জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল আসায় সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) সব ইউনিট। বড় জাহাজ থেকে আনা তেল ছোট দুটি লাইটার ট্যাঙ্কারে এনে পৌঁছে দেওয়া হয়েছে ইআরএলে।

বৃহস্পতিবার রাতেই লাইটারে তেল খালাস শুরু করে সৌদি আরব থেকে আসা বড় জাহাজটি। যুদ্ধ শুরুর পর দেশে আসা অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) প্রথম জাহাজ হচ্ছে এটি। চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া পয়েন্টে গত বুধবার দুপুরে এটি নোঙর করে।

ক্রুড অয়েলই ইআরএল সচল রাখার প্রধান কাঁচামাল। এটি পরিশোধন করে ডিজেল, পেট্রোল, অকটেনসহ ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করে এই রিফাইনারি। তবে যুদ্ধ শুরুর দুই মাসের মধ্যে ক্রুড অয়েলের কোনো জাহাজ আসেনি দেশে। সর্বশেষ আড়াই মাস আগে গত ১৮ ফেব্রুয়ারি ক্রুড অয়েলের জাহাজ নোঙর করেছিল চট্টগ্রামে।

কাঁচামাল পর্যাপ্ত না থাকায় দেড় মাস ধরে ইআরএলে ব্যবহার করা হচ্ছিল পাইপলাইনে জমে থাকা ‘ডেডস্টক’। এ সময় উৎপাদন কমিয়ে আনা হয় দুই-তৃতীয়াংশে। ১৩ থেকে দুইয়ে নামিয়ে আনা হয় জ্বালানির ধরনও। এভাবে পুরোপুরি বন্ধ হওয়ার প্রহর গোনা ইআরএল অবশেষে ফিরে পেয়েছে নতুন প্রাণ।

ইআরএলে পরিশোধনের জন্য আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি ফসিল’ নামে আরেকটি ট্যাঙ্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে জাহাজটিতে লোড করা হবে ক্রুড অয়েল। এরই মধ্যে জাহাজটি আমিরাতের পথে রওনা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে চলতি মাসে আসতে পারে এটি।

আরও পড়ুন

×