কুতুবপুর ইউনিয়নে নির্বাচন করতে না দেওয়ার হুঁশিয়ারি
কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:৫২
| প্রিন্ট সংস্করণ
কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা না হলে এ ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতারা। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে তারা এ সমাবেশ করেন। পরে এ দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে ‘কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটি’র সদস্য সচিব এস.এম. কাদির বলেন, দাবি মানা না হলে কুতুবপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে নির্বাচন প্রতিরোধ করা হবে। এ কারণে যে পরিস্থিতি সৃষ্টি হবে, সে জন্য জেলা প্রশাসক দায়ী থাকবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজি মোহাম্মদ শহীদুল্লাহ্। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক জমাদ্দার। সমাবেশে বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ জনসংখ্যার দিক দিয়ে দেশের সর্ববৃহৎ ইউনিয়ন। এর বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লাখ। ৩ হাজার ৬৪৭ একর আয়তনের এ ইউনিয়নের মোট ভূমির ৪ ভাগের ৩ ভাগের বেশি অকৃষি ভূমি। একটি ইউনিয়ন পরিষদকে পৌরসভায় উন্নীত করার জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩ ধারা অনুযায়ী যেসব মানদণ্ড থাকার কথা; কুতুবপুর ইউনিয়ন বহু বছর আগেই তা পূর্ণ করতে সক্ষম হয়েছে। তারা কুতুবপুর ইউনিয়ন পরিষদকে অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল-ফতুল্লা থানা শিল্পাঞ্চল কমিটির সভাপতি বাবুল আহমেদ, মো. ইসমাইল, নাছির উদ্দিন প্রধান, জাহের মোল্লা, মনির হোসেন, তরিকুল ইসলাম, মিজানুর রহমান মোল্লা, আমির হোসেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদ প্রমুখ।
- বিষয় :
- হুঁশিয়ারি
