ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে নৌ দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জে নৌ দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
×

নিহতের স্বজনদের আহাজারি। ছবি-সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১২:৩০

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। টহল চলাকালে তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।

এসময় টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন সরদারের বাড়ি পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। পরিবারে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে সিয়ামের বয়স ১৪ বছর এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নির বয়স ১৯ বছর।

নারায়ণগঞ্জ নৌ থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×