ভৈরবে ফেসবুক স্ট্যাটাস ও মেসেঞ্জারে হুমকির জেরে সংঘর্ষ, আহত ১০
ছবি: সমকাল
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৮:১৭
কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে স্ট্যাটাসের পর এবার ম্যাসেঞ্জারে হুমকি দিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলাইমানপুর এলাকার একই বংশের মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে ৭ মে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির দ্বন্দ্ব চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পর মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া নামে এক যুবক ফেসবুকে পক্ষপাতিত্ব নিয়ে স্ট্যাটাস দেন। এ বিষয় নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দিল মোহাম্মদের বাড়ির আনোয়ারের সাথে মধু মুন্সি বাড়ির ফরহাদের ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে ফরহাদ দেশে এলে একই ঘটনা নিয়ে ৭ মে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
এদিকে ৭ মে রাতে এক পক্ষের ম্যাসেঞ্জারে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। এর জের ধরে শুক্রবার সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে সংঘর্ষটি ব্যাপক আকার ধারণ করে। ঘণ্টাব্যাপী চলা টেঁটা ও ইটপাটকেল ছোড়ার যুদ্ধে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আব্দুর রহিম (২২), গোলাপ মিয়া (৪০), জনি মিয়া (২৪), মোমেন মিয়া (২৭), রিমন মিয়া (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সোলাইমানপুর এলাকার মেম্বার মেরাজ মিয়া বলেন, মধু মুন্সির বাড়ির একটি পক্ষ মাসুম মিয়া ও আরেকটি পক্ষ ফরহাদ মিয়া। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। একই বংশের মাসুদ মিয়া গ্রুপের সাথে ফরহাদ মিয়া গ্রুপের সংঘর্ষ হয়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- ভৈরব
- ফেসবুক পোস্ট
