ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইস্টার্ন রিফাইনারি চালু, পরিশোধিত তেল সরবরাহ শনিবার

ইস্টার্ন রিফাইনারি চালু, পরিশোধিত তেল সরবরাহ শনিবার
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ২১:১৮ | আপডেট: ০৮ মে ২০২৬ | ২১:২৩

অবশেষে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম শুরু করছে একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। গতকাল শুক্রবার সকালে আমদানি করা ক্রুড অয়লে (অপরিশোধিত তেল) সরবরাহ পাওয়ার পর প্রায় এক মাস বন্ধ থাকা এই রিফাইনারি উৎপাদনে যেতে শুরু করে। শনিবার থেকে পরিশোধিত তেল পাওয়া যাবে।

এর আগে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। সেখান থেকে লাইটার ট্যাঙ্কার জাহাজে করে এই তেল ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। এর আগে সর্বশেষ দেশে অরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। মজুত ক্রুড দিয়ে কিছুদিন চালানোর পর এক পর্যায়ে রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ ঘোষণা করা হয়।

ইআরএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ক্রুড সরবরাহ পাওয়ার পরপরই শুক্রবার সকাল সোয়া ৮টায় পরিশোধনের কাজ শুরু করা হয়। শনিবার (আজ) থেকে সরবরাহের কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে দিনে চার হাজার থেকে সাড়ে চার হাজার টন তেল পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, ইআরএলে বছরে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা হয়। দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ পরিশোধিত তেল আসে এই রিফাইনারি থেকে। দেশের মোট চাহিদার ৯২ শতাংশ আমদানি করতে হয়। মাত্র ৮ শতাংশ স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে পাওয়া যায়।

আরও পড়ুন

×