কুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৩:২৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগানের অনিল তেলীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- কুলাউড়া
- যুবকের লাশ উদ্ধার
