সালিশফেরত সাবেক ইউপি সদস্যকে কোপালো দুর্বৃত্তরা
সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৬:৩১
নড়াইলের লোহাগড়ায় মাওলানা সিরাজুল ইসলাম (৫২) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামে সিরাজুল ইসলামের ওপর হামলা হয়। তিনি একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের টানা পাঁচ দফায় নির্বাচিত সদস্য।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কিছুদিন আগের একটি ঘটনা নিয়ে শুক্রবার রাতে লোহাগড়া সরকারি পাইলট বিদ্যালয়ে কয়েকটি গ্রামের বিশিষ্টজনেরা সালিশে বসেন। এতে অংশ নিতে সহযোগী আকিদুল ইসলামকে নিয়ে সেখানে যান সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম। সালিশ শেষে রাত মোটরসাইকেলে করে তারা রায়পাশার বাড়িতে ফিরছিলেন।
এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে সিরাজুল ইসলাম ও আকিদুল রায়পাশা গ্রামের বাবুল শেখের বালুর চাতালের পাশে পৌঁছান। সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে সিরাজুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় আকিদুল দৌড়ে এলাকার লোকজনকে খবর দেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাতেই তাঁকে সেখানে নেওয়া হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান শনিবার সমকালকে বলেন, সাবেক ইউপি সদস্যের ওপর হামলা বিষয়টি জেনেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
